৪ বছর পর গানের ভিডিও নিয়ে এলেন নদী (ভিডিও)

মৌমিতা তাশরিন নদী। ২০০৯ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে গানের জগতে পা রাখেন। এরপর একক গান, দ্বৈত গানের পাশাপাশি প্লেব্যাকেও অংশ নেন।  

২০১৫ সালে নিজের নামেই একক নিয়ে হাজির হন নদী। ‘নদী’ নামের সেই অ্যালবামটি শ্রোতা মহলে প্রশংসিত হয়। এরপর দ্বৈত অ্যালবাম বের করলেও একক অ্যালবাম আর করেননি নদী।

এদিকে প্রথম অ্যালবামের ‘নিশ্বাস’ শিরোনামের গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন নদী। প্রথম অ্যালবাম প্রকাশের চার বছর পর গানটির মিউজিক ভিডিও নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত নদী।

দেশ রূপান্তরকে নদী বলেন, ‘বেশ ভালো লাগছে যে, চার বছর পর গানটির মিউজিক ভিডিও আসল। ভক্তদের অনুরোধেই গানটির মিউজিক ভিডিও করেছি। আশা করি গানের মতো মিউজিক ভিডিওটিও দর্শকেরা পছন্দ করবে।’

নদী আরও জানান, গত শুক্রবারে উত্তরায় মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। ২৬ আগস্ট ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।  নিশ্বাস নামের গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন আরফিন রুমী।

এদিকে নদী তার দ্বিতীয় একক অ্যালবামের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘এ বছরই আমার দ্বিতীয় একক অ্যালবাম বের করব। এটি ডিজিটালি বের করার ইচ্ছে আছে।’

বেশ কিছু সিনেমার প্লেব্যাকে কণ্ঠ দিয়ে ব্যস্ত সময় পার করছেন নদী। আজও ‘জিন’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়া শাকিব খানের সিনেমাসহ বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন নদী। নদী জানান, সব মিলিয়ে এ বছর ১৫/২০টি গান প্রকাশিত হবে তার।