সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে ‘হাসপাতাল দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটি’র পূর্ব নির্ধারিত মানববন্ধন পণ্ড করে দিয়েছে জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুর ১২টায় ‘সচেতন সুনামগঞ্জবাসী’র ব্যানারে শহরের আলফাত স্কয়ারের মানববন্ধনটি করতে দেওয়া হয়নি।
সংগঠনটির সদস্য মোজাহিদুল ইসলাম মজনু বলেন, দুপুরে মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নেতৃত্বে কর্মসূচিতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশও ঘটনাস্থলে এসে মানববন্ধন না করতে অনুরোধ করে। পরে আলফাত স্কয়ার থেকে এলাকা থেকে মানববন্ধন সরিয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গনে গেলে সেখানেও মানববন্ধন করতে বাধা দেয় পুলিশ।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, মানববন্ধনে বিএনপি-জামায়াতের লোকজন এবং পুলিশি মামলার আসামি ছাত্রদল নেতা ছিল। তারা মানববন্ধনে সরকারবিরোধী কথাবার্তা বলায় ছাত্রলীগ প্রতিবাদ করে।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী বলেন, দুটি সংগঠন একসঙ্গে অবস্থান নেওয়ায় বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি।