ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত

বুকে কালোব্যাজ ধারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নীরবতার মধ্য দিয়ে নীলফামারীতে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নীলফামারী জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে কালীবাড়ি মোড় থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতারা।

এরপর সেখানে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য আতিয়ার রহমান, স্মরণী বিশ্বাস, ইউনুছ আলী, উদাস রায়, মোস্তাক আহমেদ, প্রিন্স চাকলাদার, ম. আ. শামীম প্রমুখ।

এ সময় বক্তারা ‘জ্বালানি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র বন্ধ করাসহ বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া গ্রানাইট মাইন এ কয়লা, পাথর লুটপাট, দুর্নীতি বন্ধ করে দায়ীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।