চোরকে চিনে ফেলায় শরীয়তপুরে এক স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করা হয়েছে। ওই ছাত্রী শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। চোর প্রতিবেশী রাজ্জাক হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদারকে স্থানীয়রা প্রথমে আটক করলেও নিকটাত্মীয়রা তাকে পালিয়ে যেতে সহায়তা করে।
স্কুলছাত্রীর পরিবার ও পুলিশের ভাষ্যমতে, গত রবিবার সন্ধ্যায় মিন্টু হাওলাদার ঘরের মালামাল চুরি করে পালানোর সময় তাকে চিনে ফেলে ওই স্কুলছাত্রী। এতে মিন্টু তাকে টর্চলাইট দিয়ে মাথায় আঘাত ও ব্লেড দিয়ে রক্তাক্ত করে। স্কুলছাত্রীকে রাতেই শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কাজী শাহ আবদুল্লাহ শামীম বলেন, মেয়েটির বাঁ হাতে বেশ কয়েকটি স্থানে ব্লেডে কাটার চিহ্ন রয়েছে। এ ছাড়া মাথায় আঘাত পেয়েছে। শারীরিক ও মানসিক আঘাতের কারণে তার সেরে উঠতে একটু সময় লাগবে।
শরীয়তপুর সদরের আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মণ্ডল বলেন, মিন্টু হাওলাদার গ্রাম থেকে পালিয়ে গেছে। স্কুলছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে।