এক ঝলকে

হাসপাতালে ঊর্মিলা

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এখন হাসপাতালে! ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। ঊর্মিলার মা তৃপ্তি কর জানান, কয়েক দিন ধরেই জ্বরে ভুগছে ঊর্মিলা। অবশেষে রক্ত পরীক্ষা করাতে গিয়ে ডেঙ্গু ধরা পড়ে। হাই প্রেশারের সমস্যায়ও ভুগছে সে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে হাসপাতালে ভর্তি। ঊর্মিলার সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি সবার দোয়া চেয়ে বলেন, ‘সারা দেশেই এখন ডেঙ্গুর প্রকোপ। তাই জ্বরটা নিয়ে টেনশনে ছিলাম। অবশেষে মনের সন্দেহটাই সত্যি হলো। ডেঙ্গু পজিটিভ এসেছে রক্ত পরীক্ষায়। রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’ ঊর্মিলা জানান, অসুস্থতার কারণে দুটি বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হলো। সানফ্লাওয়ার তেল ও তাজার দুটি বিজ্ঞাপনের শিডিউল দেওয়া ছিল এই লাক্স সুন্দরীর। শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও পরিচিতি রয়েছে তার। কোরবানির ঈদ উপলক্ষেও বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে।

র‌্যাম্পে এশার ২ বছরের মেয়ে

বলিউড তারকা দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এশা দেওলের দুই মেয়ে। দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে ২০১২ সালের জুনে ব্যবসায়ী ভারত তাখতানিকে বিয়ে করেন এশা। বড় মেয়ে রাধা তাখতানির জন্ম ২০১৭ সালের ২৩ অক্টোবর। রাধার বয়স এখন দুই বছর। গত জুন মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এশা। ছোট মেয়ের নাম রেখেছেন মিরায়া তাখতানি। দুই সন্তানকে সামলে এখন আবারও কাজে মন দিয়েছেন এশা দেওল। সম্প্রতি বড় মেয়ে রাধাকে নিয়ে লাকমে ফ্যাশন উইকে র‌্যাম্পে হেঁটেছেন তিনি। গোলাপি পোশাক পরে মায়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যেই র‌্যাম্পে হেঁটেছেন রাধা। মাত্র দুই বছর বয়সেই র‌্যাম্পে হেঁটে সবাইকে চমকে দিয়েছে তিনি। র‌্যাম্পে এশা পরেছিলেন ডেনিক হট প্যান্ড ও রাধা পরেছিল বেবি পিঙ্ক ফ্রক। পিঙ্ক ফ্রকে দেখতে বেশ মিষ্টি লাগছিল রাধাকে। আগামী অক্টোবরে দুই বছরে পা দেবে সে। নানা-নানি আর মায়ের মতো মেয়েও বেশ প্রতিভাবান হয়েছে বলে দুই বছর বয়সী রাধার প্রশংসা করছে বলিউডপাড়া।

ঈদে আসছে না ‘ইনশাআল্লাহ’

দীর্ঘ উনিশ বছর পর ‘ইনশাআল্লাহ’ চলচ্চিত্র’র মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করার কথা ছিল সালমান খান ও সঞ্জয় লীলা বানসালির। চলচ্চিত্রতে প্রথমবারের মতো সালমানের বিপরীতে আলিয়া ভাটকে দেখার অপেক্ষায় ছিল সকল ভক্ত। এমনকি ঘোষণা হয়ে গিয়েছিল চলচ্চিত্রর মুক্তির তারিখও। কিন্তু অনিশ্চিত হয়ে গেল চলচ্চিত্রের ভবিষ্যৎ। ২৫ আগস্ট সন্ধ্যায় সালমান নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানান, আগামী বছরের ঈদে মুক্তি পাচ্ছে না ‘ইনশাআল্লাহ’। কারণ এখন সঞ্জয় লীলা বানসালি ব্যস্ত তার অন্য একটি প্রজেক্ট নিয়ে। ফলে এত অল্প সময়ে ‘ইনশাআল্লাহ’ চলচ্চিত্রটি নির্মাণ করা সম্ভব হবে না। চলচ্চিত্রটি কবে মুক্তি পাবে সে ব্যাপারেও কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে আসন্ন ঈদে সালমান ভক্তদের স্বপ্নভঙ্গ হবে না। ২০২০ সালের ঈদে সালমানের চলচ্চিত্র আসবে এমনটাই জানানো হয়েছে। তবে সেটা কোন চলচ্চিত্র তা ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে সালমান ব্যস্ত তার পরবর্তী চলচ্চিত্র ‘দাবাং থ্রি’ এর শুটিং নিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। অন্যদিকে আলিয়ার হাতে রয়েছে ‘সড়ক টু’ ও ‘তখত’।

বিশ্বরঙের ‘পুজো কন্যা’

প্রতিবারের মতো দুর্গাপূজা উপলক্ষ্যে ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ আয়োজন করেছে ‘পুজো কন্যা’ প্রতিযোগিতা। এতে পূজার সাজের ছবি পাঠিয়ে যে কেউ হতে পারবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তার মতো বিশ্বরঙের পুজো কন্যা। এখানে সম্পুক্ত থাকবেন আরও একঝাঁক তারকা। দেখা যাবে মৌ, নিপুণসহ আরও অনেক প্রিয়মুখকে।  সেরা পুজো কন্যার জন্য

থাকবে আকর্ষণীয় পুরস্কার। সেইসঙ্গে তিনি পাবেন বিশ্বরঙের একটি মেম্বারশিপ কার্ড। এছাড়া এবারের বিশ্বরঙের মা দুর্গার সাজে ফটোশ্যুট করার সুযোগও পাবেন বিজয়ী। আয়োজনটি নিয়ে বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘আমরা দুর্গাপূজার উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজনটি করে থাকি। ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অনেক ছবি জমা পড়েছে। আশা করছি এবার অন্যবারের চেয়ে বেশি সাড়া পাব।’ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত পূজার সাজে চলচ্চিত্র তুলে সেটি পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। ছবি পাঠানো যাবে এই ঠিকানায় : www.facebook.com/events/1457389861069401 /১৪৫৭৩৮৯৮৬১০৬৯৪০১

গ্রেপ্তার হয়েছিলেন ডাউনি!

মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক রবার্ট ডাউনি জুনিয়র যখন প্রথমবার ডিজনিল্যান্ডে বেড়াতে যান, তখন গাঁজা সেবনের অপরাধে গ্রেফতার হয়েছিলেন তিনি। অথচ বর্তমানে ডিজনিতে সবচেয়ে বেশি মূল্যায়ন পান এই তারকা। খবর ডেকান ক্রনিকল। ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে গত শুক্রবার ডিজনির দ্বিবার্ষিক ডি টুয়েন্টি থ্রি সম্মেলনে সম্মানিত করা হয় রবার্ট ডাউনি জুনিয়রকে।

সেই অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় স্মৃতিচারণ করে গ্রেফতার হওয়ার কথা বলেন এই তারকা। রবার্ট ডাউনি জুনিয়র বলেন, আমি ডিজনিল্যান্ডে প্রথমবার ঢুকেই গন্ডোলায় চড়ে বেআইনি ভাবে গাঁজা সেবন করছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

পরে অবশ্য সতর্ক করে ছেড়ে দেয়া হয়। আমি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করছি।

অনুষ্ঠানে রবার্ট ডাউনি জুনিয়র ছাড়াও বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে সংগীতশিল্পী ক্রিশ্চিনা আগুইলেরা, অভিনেত্রী মিং-না ওয়েন, সাংবাদিক ডিয়ানে সয়ার ও রবিন রবার্টস এবং নির্মাতা জন ফ্যাভরিয়াও ও কেনি অরটেগাকে।

নজরুল স্মরণে ‘বনের পাপিয়া’

মিস্টার মিত্র ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এক বছর হলো রমলার সঙ্গে তার বিয়ে হয়েছে। আর এক বছরে মিস্টার মিত্র রমলাকে যতটা চিনেছে, তার চেয়ে অচেনা অংশই যেন বেশি।

ভীষণ অভিমানী, একরোখা স্বভাবের মেয়ে রমলা। সে আপন মনে, আপন ভুবনে থাকতে ভালোবাসে। মিস্টার মিত্র যেন স্ত্রীকে ভয় করেই চলেন। কেননা রমলা শ্বশুরবাড়িতে আসার সময় প্রচুর অর্থ, সম্পত্তি নিয়ে এসেছে। এমনকি চাকরিটাও রমলার বাবার দেওয়া। রমলাকে তিনি তার আপন ভুবনে থাকতে বাধা দেন না। কিন্তু মাঝেমধ্যে বিরক্তিও যে লাগে না তা নয়, এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কিঞ্চিৎ মনোমালিন্য হয়। এটি কাজী নজরুল ইসলামের ‘বনের পাপিয়া’ গল্প।

 এ গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, খায়রুল টিপু, তৃষ্ণা সরকার, রাসেল রাজ, মাধবী লতা, জাকিয়া প্রমুখ। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরটিভিতে সকাল ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’।