জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শূন্যঘোষিত রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ইসির একাধিক কর্মকর্তা।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে আজ বেলা ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ইসির উপসচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। ইসির ৫১তম এ সভায় উপনির্বাচনের তফসিল চূড়ান্ত করাসহ রয়েছে আরও পাঁচ এজেন্ডা।
খোঁজ নিয়ে জানা যায়, ভোটের দিন নির্ধারণ করতে সেপ্টেম্বরের শেষ সাত ও অক্টোবরের প্রথম দিকের চার দিনÑ মোট ১১ দিনকে আমলে নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির এক প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, যেকোনো নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পর থেকে ৩৫-৪৫ দিন সময়ের প্রয়োজন হয়। এসব দিক বিবেচনায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহের সুবিধাজনক যেকোনো দিন বা ১ থেকে ৩ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচন হতে পারে। ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এজন্য উপনির্বাচনেও ইভিএমে ভোট করার পরিকল্পনা করা হচ্ছে।