শান্তির বার্তা নিয়ে কাশ্মীরে আসবেন মিয়াঁদাদ

কাশ্মীর প্রশ্নে পাকিস্তান প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন দেশটির সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। শান্তির বার্তা নিয়ে ভারত-পাকিস্তান বর্ডার ‘লাইন অব কন্ট্রোল (এলওসি)’ হাজির হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক পাক অধিনায়ক।

সোমবার টুইটারে এক ভিডিও বার্তায় পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান বলেন, “শান্তির বার্তা নিয়ে আমি বর্ডারে যাব। এ ব্যাপারে শীর্ষকর্তা এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। বর্ডারে গিয়ে শান্তির বার্তা দিতে আমি প্রত্যেকের সঙ্গে বলব। আমার হাতে থাকবে শান্তির পতাকা। আমার সঙ্গে অন্যরাও যোগ দিতে পারেন। ওখানে গিয়ে কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলব।”

বাইশ গজে বরাবারই ভারতের সঙ্গে মিয়াঁদাদের কোনো দিনই ভালো সম্পর্ক ছিল না। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ দাউদ ইব্রাহিমের বেয়াইয়ের মুখে শান্তির বার্তা শুনে অট্টহাস্য করছে ভারতবাসী।

গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ ও ৩৫ উঠিয়ে নেওয়ার ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান। এ নিয়ে জাতিসংঘের কাছেও নালিশ করেছে তারা। এ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সুরে গলা মিলিয়ে কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দিয়েছেন শাহিদ আফ্রিদি থেকে মিয়াঁদাদ।

৩৭০ ও ৩৫-এ ধারা বিলোপের ফলে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে।  ভারতের দাবি, এর ফলে গত কিছুদিন ভূ-স্বর্গের স্বাভাবিক জীবন ব্যাহত হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে । ধীরে ধীরে খুলেছে স্কুল, অফিস ও দোকানপাট। কাজে ফিরেছে উপত্যকার মানুষ। তাই এমন অবস্থায় পাকিস্তানিদের উসকানিমূলক কথাবার্তাকে গুরুত্ব দিতে চান না কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।

“যেই আসুক, আমাদের কিছু এসে যায় না। আমরা জানি, আমরা কি করছি। ৩৭০ বিলোপের ৩-৪ দিন পর থেকে কাশ্মীরের জনজীবন স্বাভাবিক হয়েছে। আমরা কাশ্মীরিদের পরিচয় ও সংস্কৃতিতে গুরুত্ব দিয়ে ওদের কাজ ও জমি রক্ষা করব।”