নরসিংদীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নরসিংদীতে ইফা ডায়াগনোস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডায়াগনোস্টিক সেন্টারের এক ডিরেক্টরসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ইফা ডায়াগনোস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত নবজাতক শহরের ব্রাহ্মণপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে।

আটকেরা হলেন- ডায়াগনোস্টিক সেন্টারের ডিরেক্টর দিদারুল কবির পাঠান ও ডায়াগনোস্টিক সেন্টারের কর্মচারী লিটন মিয়া।

নিহত নবজাতকের বাবা আশরাফুল আলম রিপন বলেন, সোমবার বিকেলে প্রসব ব্যথা উঠলে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী রুপালীকে ইফা ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক অসীম কুমার ভৌমিক সিজারিয়ানের মাধ্যমে শিশুর প্রসব করান। কিন্তু অপারেশন থিয়েটার থেকে তার নাভিতে কড না লাগিয়ে বের করে ফেলে। একই সঙ্গে প্রসবের পর নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা দে্ওয়া হয়নি।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা কড লাগানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এরপর থেকে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। পরে অপারেশন থিয়েটারে গিয়ে দেখা যায়, বাচ্চা আর স্ত্রী টেবিলে পড়ে আছে। চিকিৎসকরা পালিয়ে গেছে। পরে বাচ্চাটাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নবজাতকের বাবা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চেয়েছেন।

নরসিংদী সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।