চুরি দেখে ফেলায় ছোট ভাইকে হত্যার চেষ্টা

ফুপুবাড়ি থেকে টাকা চুরি করার ঘটনা দেখে ফেলায় ও সেই ঘটনা ফাঁসের ভয়ে নয় বছর বয়সী ছোটভাইকে গলা কেটে হত্যা করতে চেয়েছে ১৪ বছর বয়সী বড়ভাই। এই ঘটনায় আহত ছোটভাই আবদুস সালাম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর বড়ভাই সিয়াম শ্রীপুর থানার পুলিশ হেফাজতে রয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা গ্রামে। গ্রামের মনির হোসেনের বড় ছেলে সিয়াম স্থানীয় গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ছোট ছেলে সালাম কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকালে স্কুলে পৌঁছে দেওয়ার পথে একটি পরিত্যক্ত পোলট্রি ফার্মের টয়লেটে নিয়ে গলা কেটে সালামকে হত্যার চেষ্টা করে সিয়াম। এ সময় সালামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক ফতেহ আকরাম।

শ্রীপুর থানার এসআই আশীষ কুমার দাস বলেন, প্রত্যক্ষদর্শীরা সালামের চিৎকার শুনে এগিয়ে গেলে সিয়াম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ব্লেড উদ্ধার করা হয়েছে। পরে সিয়ামকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।