প্লটের আবেদন প্রত্যাহার করলেন রুমিন ফারহানা

তথ্য গোপন করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা যে আবেদন করেছিলেন তা তিনি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। প্লট প্রত্যাহারের আবেদনপত্রটি গতকাল মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন বলে দেশ রূপান্তরকে রুমিন নিজেই নিশ্চিত করেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘দুদিন আগেই

প্লট বরাদ্দের আবেদন প্রত্যাহার করে চিঠি লিখে রেখেছিলাম। কিন্তু নিজ নির্বাচনী এলাকায় থাকায় চিঠি জমা দিতে পারিনি। মঙ্গলবার প্লটের আবেদন প্রত্যাহার করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’

‘প্লট আবেদন প্রত্যাহার’ শীর্ষক ওই আবেদনে রুমিন ফারহানা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট, ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

অনুসন্ধানে জানা গেছে, এলিফেন্ট রোডে পৈতৃক সূত্রে ১৮৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট পেয়েছেন রুমিন ফারহানা। তিনি সেখানেই থাকেন। কিন্তু এরপরও ঢাকায় ফ্ল্যাট কিংবা প্লট নেই এমন তথ্য দিয়ে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্লটের আবেদন করেন। তার ওই আবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে দলে ও দলের বাইরে ব্যাপক সমালোচনা হয়। দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ কেউ মন্তব্য করেন, ‘গণতন্ত্রের মা কারাগারে, আর সন্তান অট্টালিকা খোঁজে।’ ‘রুমিন হয়তো শিগগিরই বিয়েশাদি করবেন তাই প্লটের জন্য আবেদন করেছেন।’ কেউ কেউ আবার সমালোচনা করেন আবেদনপত্রের ভাষা, বিশেষ করে ‘চিরকৃতজ্ঞ’ থাকার বিষয়টি নিয়ে। কেউ আবার বলেন, ‘রুমিনের বাবা ভাষাসৈনিক অলি আহমদ একজন ত্যাগী মানুষ ছিলেন। তার মেয়ে এমন সম্পদের প্রতি লালায়িত হবেন তা ভাবা যায় না।’