নরসিংদীতে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই প্রাইভেট হাসপাতালের পরিচালকসহ দুজনকে আটক করে দেওয়া হয়েছে পুলিশে।
গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ‘ইফা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনার পর ওই রাতেই নিহত নবজাতকের বাবা শহরের ব্রাহ্মণপাড়া এলাকার আশরাফুল আলম রিপন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। আটক দুজন হলেন হাসপাতালের পরিচালক দিদারুল কবির পাঠান ও কর্মচারী লিটন মিয়া।
আশরাফুল আলম রিপন বলেন, প্রসব ব্যথা উঠলে সোমবার বিকেলে স্ত্রী রূপালীকে ইফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করি। পরে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসক অসীম কুমার ভৌমিক অপারেশন করেন। কিন্তু ওটি থেকে তার নাভিতে কড না লাগিয়েই শিশুটিকে বের করে ফেলে। বিষয়টি হাসপাতাল কর্র্তৃপক্ষকে অবহিত করলে তারা কড লাগানোর জন্য আবার অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এরপর থেকে চিকিৎসক ও হাসপাতাল কর্র্তৃপক্ষের সাড়া-শব্দ না পেয়ে অপারেশন থিয়েটারে গিয়ে দেখা যায় বাচ্চা আর স্ত্রী টেবিলে নিথর পড়ে আছে, আর চিকিৎসকরা পালিয়ে গেছে। পরে বাচ্চাটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আমিরুল হক শামীম বলেন, শিশুটির ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানাতে পারব।