নতুন ফিজিও পেল বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকান ও ইতালিয়ান বংশোদ্ভূত জুলিয়ান কালেফাটোকে টাইগারদের ফিজিও থেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি তার।
বিশ্বকাপের পর বদলে গেছে বাংলাদেশের কোচিং স্টাফের চেহারা। প্রধান কোচ স্টিভ রোডসকে বিদায় করে দেয় বিসিবি। চুক্তি বাড়ানো হয়নি পেস বোলিং কোচ, স্পিন কোচের সঙ্গেও। এ ছাড়া ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গেও চুক্তি বাড়ায় নি বিসিবি।
ক’দিন আগেই প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ হিসেবে একই দেশের শার্ল ল্যাঙ্গাভেল্টকে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে টাইগারদের সঙ্গে কাজও শুরু করেছেন তারা। এবার ফিজিও হলেন দক্ষিণ আফ্রিকান।
আগেই থেকে ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে ছিলেন দুই আফ্রিকান- নিল ম্যাকেঞ্জি ও রায়ান কুক। সব মিলে বাংলাদেশের ড্রেসিংরুমের পুরো বহরই বলতে গেলে দক্ষিণ আফ্রিকান। সংখ্যাটা-৫। শুধু স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ৪০ বছর বয়সী জুলিয়ান কালেফাটো একজন চোট প্রতিরোধ ও ব্যবস্থাপনায় বিষয়ক বিশেষজ্ঞ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করার অভিজ্ঞা আছে তার। এ ছাড়া ইংলিশ কাউন্টি দল- গ্লস্টাশায়ার, ডার্বিশায়ারে কাজ করেছেন। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকান ঘরোয়া দল প্রভিন্স কেপ কোবরায়।
ক্রিকেটের বাইরও বিভিন্ন খেলা যেমন- সেইলিং, স্প্রিংবক রাগবি ইউনিয়ন, দক্ষিণ আফ্রিকার স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট, ভলভো ওসেন রেস (চীনা টিম), লাফবরো ইউনিভার্সিটি ও সুইজারল্যান্ডের এলিট আইস হকি দলের সঙ্গে কাজ করেছেন তিনি।
আগামী মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন জুলিয়ান কালেফাটো।