জিতলেই ফাইনাল এমন সমীকরণ নিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে গতকাল নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচটি ৪-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই হারে ফাইনালের পথটা কঠিন হয়ে গেল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের।
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে ছিল তুমুল বৃষ্টি। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে তারা। শোধ দেন মাত্র একটি। গোলটি করেন আল আমিন রহমান। পাঁচ দলের আসরে এক ম্যাচ হাতে থাকতেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। অন্যদিকে ৩টি করে ম্যাচ শেষে ২ জয় ও ১ হারে বাংলাদেশ ও নেপালের পয়েন্ট এখন সমান ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে, নেপাল
তৃতীয়তে। বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। আর নেপাল খেলবে দুর্বল ভুটানের বিপক্ষে। ভুটান হেরেছে সবগুলো ম্যাচ। এখন যা সমীকরণ, তাতে বাংলাদেশকে শুধু ভারতকে হারালেই চলবে না, অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে।
ফাইনালের সমীকরণটা এখন এমন, বাংলাদেশ যদি ভারতকে হারায়, নেপালও যদি নিজেদের ম্যাচে জিতে তখন গোল গড়ে বা অন্যান্য হিসাব আসবে। দুই দলই ড্র বা হেরে গেলে একই রমক হিসাব। আর ভারতের সঙ্গে বাংলাদেশ ড্র করলে, নেপাল নিজেদের ম্যাচে জিতে গেলে ফাইনালে চলে যাবে নেপাল। বাংলাদেশ হেরে গেলে, ড্র করলেই চলবে নেপালের।