ফরিদপুরে বাসচাপায় শিশু নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, বরিশালগামী সাকুরা পরিবহন নামে একটি বাস বুধবার সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় আলিফ মোল্যা (৪) নামের এক শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আলিফ নিহত হয়। আলিফ ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের খায়রুজ্জামান টিটো মোল্যার ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।

এদিকে ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন জানান, দুর্ঘটনার পরে স্থানীয় এলাকাবাসী মহাসড়কটি আটকে দেয়। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।