ভৈরবে ব্রিজ থেকে নদীতে পড়া শিশুর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ব্রিজ থেকে নদীতে পড়ে যাওয়া আব্দুর রাহিম (১২) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। সে মঙ্গলবার বিকেলে ব্রিজের রেলিংয়ে উঠে বসার সময় অসাবধানতায় নদীতে পড়ে যায়।

৬ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে। শিশুটি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

শিশুটির বাবা হানিফ মিয়া জানান, আব্দুর রহিম বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে শিমুলকান্দি ব্রিজে যায়। রেলিংয়ে উঠে বসার সময় অসতর্কতাবশত সে কোদালকাটি নদীতে পড়ে নিখোঁজ হয়।

ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মুসা ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা চালাই। কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে টিম লিডার কামরুজ্জামানের নেতৃত্বে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধারে সক্ষম হন।

ভৈরব থানার ওসি (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করে। লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি হস্তান্তর করা হয়।