যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় যশোর-ঝিনাইদহ সড়কের পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গলা কাটা ও দড়ি বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম হাসানুজ্জামান (৪৮)। তিনি ঝিনাইদহ এলজিইডি’র গাড়ি চালক ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
যশোর সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুন্সি আনিসুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গলা কাটা ও দড়ি বাঁধা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তাতে নাম লেখা ছিল হাসানুজ্জামান, বাবা- জহুরুল আলম, বাড়ি কুষ্টিয়া সদরের জুগিয়া গ্রামে। এসময় পুলিশ মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তার পরিবারকে খবর দেয়।
নিহতের ভাই হাকিমুজ্জামান কাবলু বলেন, আমার ছোট ভাই হাসানুজ্জামান ঝিনাইদহ এলজিইডির গাড়ির চালক হিসেবে কর্মরত ছিল। সে ঝিনাইদহেই বাস করতো। আজ সকাল সাড়ে ৯টার দিকে যশোর থেকে পুলিশ ফোন করে তার মরদেহ উদ্ধারের কথা জানায়। অফিসে ফোন করে জেনেছি, ২৭ আগস্ট সকালেও সে অফিসের কাজ করেছে। কীভাবে কী ঘটে ঘটে গেল- বুঝে উঠতে পারছি না।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে কোনো রক্তের দাগ দেখতে পাইনি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে প্রথমে শ্বাসরোধ এবং পরে গলা কেটে হত্যার পর কেউ মরদেহ এখানে ফেলে রেখে গেছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।