শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পুলিশ সুপার (এসপি) পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এ ঘটনায় ভুয়া এসপি ও তার সহযোগীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের ভুয়া এসপি রাকিবুল ইসলাম হাওলাদার (৩২) ও তার সহযোগী ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও বালিয়াকান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারী (৩৫)।
শরীয়তপুর ডিবি পুলিশ সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে গোসাইরহাট উপজেলার পাঁচকাঠি এলাকা থেকে রাকিবুল ও তার সহযোগী দেলোয়ার ব্যাপারীকে আটক করে ডিবি পুলিশের একটি দল।
শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, আটকরা দুদকে ও শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে দুই ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা প্রতারণামূলকভাবে হাতিয়ে নিয়েছে। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে ছয় লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে।