কোথায় পরবেন কেমন জুতা

জুতা আপনার ব্যক্তিত্বকে তুলে ধরে। এটি আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের মর্যাদার জন্যও গুরুত্বপূর্ণ। জুতা পরার আগে জেনে নিন  কোথায় কেমন জুতা পরবেন জানালেন শাহানুর রহমান

 

স্যান্ডেল

 

স্পঞ্জ অথবা রাবারের স্যান্ডেল পরে অফিস করা উচিত নয়। এগুলো সাধারণত বাসায়, ওয়াশরুম অথবা পরিচ্ছন্নতার কাজে পরা হয়। গরমের দিনে অফিসে স্যান্ডেল যদি পরতেই হয় তবে অফিসের অনুমতি সাপেক্ষে পরা যেতে পারে। সেক্ষেত্রে মানানসই, মান সম্পন্ন লেদারের স্যান্ডেল পরা উত্তম। খেয়াল রাখতে হবে আপনার জুতা নির্বাচন আপনার পেশাগত কাজে কোনো প্রভাব ফেলছে কি না।

 

কর্মপরিবেশ অনুযায়ী জুতা

 

কনজারভেটিভ কর্মপরিবেশে বিশেষ করে আইন ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম অথবা ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোতে ফ্যাশনেবল জুতা পরা একটু বেমানান। তাই ছেলেদের কালো ক্লাসিক ‘সু’ আর মেয়েদের কাল বা বাদামি রঙের ২ বা আড়াই ইঞ্চির উঁচু নরম লেদারের হিল পরা ভাল। সৃজনশীল কর্মপরিবেশে জুতা পরিধানে কিছুটা ছাড় পাওয়া যায়। বিশেষ করে আপনি যদি ফ্যাশন কোম্পানির বিক্রয় প্রতিনিধি অথবা বিজ্ঞাপন ফার্ম, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম  কিংবা ট্রাভেল এজেন্সি প্রভৃতির প্রতিনিধি হন তাহলে আপনার পোশাক পরিচ্ছদের সঙ্গে ফ্যাশনেবল জুতা আপনার ব্যক্তিত্বকে আরও গ্রহণীয় করে তুলবে। অনেক অফিসে মেয়েদের ‘পিপ টোড’ জুতা পরা পারমিট করে, যদি তা শাড়ি অথবা পায়ের গোড়ালি ২ ইঞ্চি উপর পর্যন্ত স্কার্ট এর সঙ্গে পরা হয়।

 

পার্টি অনানুষ্ঠানিক পরিবেশে

 

পার্টি অথবা অনানুষ্ঠানিক পরিবেশে ভেলভেট অথবা রেশমী জুতা পরা হয়। সেই সঙ্গে পোশাকের ধরন ও ব্যাগের রঙের সঙ্গে মিল রেখেও জুতা নির্বাচন করা যেতে পারে।

 

বৃষ্টির দিনে

 

 জুতা পরার সময় অবশ্যই আবহাওয়ার প্রতি খেয়াল রাখা উচিত। পারিপার্শ্বিক পরিবেশ বুঝে বৃষ্টির দিনে জুতা নির্বাচন করুন। কাদা এবং পানির সঙ্গে যুদ্ধ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে বের হতে পারাটা আপনার জন্য কৃতিত্বের। প্রয়োজনে একজোড়া রেইন বুট আপনার সংগ্রহে রাখুন। তবে অফিসে ভারী জুতা পরিহার করতে হবে।

 

মাপমতো জুতা পরিধান

খুব ছোট কিংবা খুব বড় বেঢপ জুতা এড়িয়ে চলুন। ছোট জুতা পরা যেমন পায়ের পাতার জন্য ক্ষতিকর তেমনি পায়ের মাপের বড় জুতাও আপনার ব্যক্তিত্বকে খাট করে ফেলে। অনেক সময় হাঁটতেও সমস্যা তৈরি করতে পারে এবং আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। কাজেই এ ব্যাপারে সতর্ক থাকুন।

 

ভ্রমণের সময়

ভ্রমণের সময় জুতা নির্বাচনে অবশ্যই  আরামকে গুরুত্ব দেওয়া উচিত। এ সময় আরামদায়ক কেডস অথবা কাপড়ের জুতা নির্বাচন করা যেতে পারে তবে পরিষ্কার ও ভ্রমণের উপযোগী কি না পরখ করে নেওয়া ভালো ।  ভ্রমণের ধরন, সময় এবং অবস্থা বুঝে জুতা নির্বাচন করুন।

 

খেলার সময়

খেলাধুলায় কেডস জাতীয় জুতা পরা ভালো। তবে খেলার ধরন অনুযায়ী জুতা নির্বাচন করতে হয়। যেমন : ফুটবল খেলার সময় বুট জাতীয় জুতা, ব্যডমিন্টন ও টেনিস খেলার জন্য টেনিস ‘সু’, প্রাতভ্রমণের সময় কেডস, টেনিস ‘সু’ অথবা রানিং ‘সু’ পরা যেতে পারে।