আশুলিয়ায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ অভিযানে প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কোম্পানির সাভার কার্যালয়ের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম অভিযানে নেতৃত্ব দেন। তিনি দেশ রূপান্তরকে জানান, আশুলিয়ার কন্ডা, সুবন্ধী, সিটবাড়ি ও শ্রীপুর উত্তরপাড়া এলাকায় চালানো অভিযানে তিতাসের অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। এ সময় চার কিলোমিটার এলাকার প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের নিরাপত্তা নিশ্চিতে আশুলিয়া থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।