টয়া এখন...

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রেখে ৯ বছর ধরে অভিনয় জগৎ মাতিয়ে রেখেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। গেল ঈদেও তার এক ডজন নাটক প্রচার হয়েছে। এর মধ্যে কিছু নাটকের জন্য আলোচনায়ও এসেছেন। তাকে নিয়ে লিখেছেন মাসিদ রণ

ঈদের ছুটি কাটিয়ে জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা টয়া এখন আবারও নাটকের শ্যুটিং নিয়ে ব্যস্ত। ধারাবাহিক নাটকে তাকে খুব একটা পাওয়া যায় না। মূলত খন্ড নাটক নিয়েই ব্যস্ততা। এরই মধ্যে দুটি নতুন খন্ড নাটকে অভিনয় করেছেন। যদিও নাটক দুটির নাম চূড়ান্ত হয়নি।

ঈদের কাজের মধ্যে টয়া সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন এ সময়ের ব্যস্ত নির্মাতা ইমরাউল রাফাত পরিচালিত খ- নাটক ‘প্রেম দিওয়ানা’র জন্য। এটি ঈদের পঞ্চম দিন এটিএন বাংলায় প্রচার হয়। এ নাটকে টয়ার সহশিল্পী তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। আরও ছিলেন তাসনিয়া ফারিন। ত্রিমুখী প্রেমের গল্পকে সমসাময়িক কায়দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। তাই নাটকটি তরুণ প্রজন্ম বেশি পছন্দ করেছে বলে জানালেন টয়া। নাটকটি এরই মধ্যে ইউটিউবে ১ মিলিয়নের বেশি দর্শক দেখেছে। টয়া আর তৌসিফের অভিনয় ও কেমেস্ট্রি দর্শক খুব পছন্দ করেছে বলে জানিয়েছেন কমেন্টের ঘরে।

এছাড়া ঈদে টয়ার আলোচিত কাজের আরেকটি ‘নায়ক : দ্য হিরো’। এটি ঈদের তৃতীয় দিন চ্যানেল নাইনে প্রচার হয়। নির্দেশনা দিয়েছেন খায়রুল পাপন। এতেও টয়ার নায়ক তৌসিফ মাহবুব। এ নাটকে তৌসিফই নাম ভূমিকায় রয়েছেন। অনেকটা ফিল্মি ঢঙে নাটকের দৃশ্যায়ন হয়েছে। তাই দর্শক নাটকটিতে ভিন্নতা খুঁজে পেয়েছে। এ নাটকটিও প্রায় ১ মিলিয়ন ভিউ পেয়েছে ইউটিউবে। টয়া বলেন, ‘নাটকটি খুবই মজার। আমি একেবারে সিনেমার নায়িকাদের মতো করে পোশাক-আশাক, সাজসজ্জা করেছি। বাংলা সিনেমার ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে। তা হলো নায়ক-নায়িকারা নাকি ওভার অ্যাক্টিং করে, ঢং করে, গলার স্বাভাবিক স্বর পরিবর্তন করে কথা বলে। আর কথায় কথায় পাশের মানুষের গায়ের ওপর ঢলে পড়ে। যদিও আমি নিজে খুব একটা দেখিনি। কিন্তু নায়ক নাটকে অভিনয়ের সময় সেই প্রচলিত রীতি মেনে অভিনয় করেছি। সিনেমার গানের মতো একটি গানের সঙ্গে আমি আর তৌসিফ নেচেছি। শ্যুটিংয়ের সময়টুকু বেশ মজার ছিল।’

খায়রুল পাপনের আরেকটি নাটকেও কাজ করেছেন টয়া। আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন প্রচার হওয়া এ নাটকের নাম ‘কান পেতে রই’। এতে তার সহশিল্পী মনোজ প্রামাণিক ও তারিক আনাম খান।

শহীদ উন নবী পরিচালিত ‘যাহা বলিব সত্য বলিব’ নাটকটি প্রচার হয়েছে দীপ্ত টিভিতে ঈদের ষষ্ঠ দিন। এতে তার সহশিল্পী সজল। এ নাটকের গল্পটি বেশ আলাদা। সজল প্রথমে বিয়েতে বিশ্বাস করে না। তাই অনেকগুলো প্রেম করলেও বিয়ের প্রসঙ্গ আসতেই ব্রেকআপ করে। কিন্তু শেষে টয়াকে দেখে সে প্রকৃত ভালোবাসা অনুভব করে। তখন বুঝতে পারে বিয়ে আসলেই একজন মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এ নাটকের মাধ্যমে বিয়ে নামের প্রাচীন প্রথা নিয়ে সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। তাই এই নাটকটি টয়ার বেশ পছন্দ।

ঈদের চতুর্থ দিন দেশ টিভিতে প্রচার হয় টয়া ও তানভীর অভিনীত নাটক ‘কোড রেড ১৫’। তানভীর হোসেন প্রবালের পরিচালনায় এ নাটকে আরও ছিলেন ইলোরা গহর, আল মনসুরের মতো গুণী অভিনয়শিল্পী। দক্ষ অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় সম্পর্কে টয়া বলেন, ‘যে নাটকে আমি দক্ষ সহশিল্পী পাই, সেই নাটক করতে খুব ভালো লাগে। কারণ তারা আমাদের কাছে এক একটা শিক্ষাপ্রতিষ্ঠানের মতো। আমরা তাদের কাছ থেকে শিখেই তো আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছি।’

শুধু নাটক নয়, ঈদে টয়াকে শর্টফিল্ম, মিউজিক ভিডিও এবং উপস্থাপনায়ও পাওয়া গেছে। মাহমুদ মাহিদ পরিচালিত শর্টফিল্ম ‘চিরকুট’-এ তিনি অভিনয় করেছেন শাওনের বিপরীতে। এটি কলেজ জীবনের ইনোসেন্ট প্রেমের গল্প। এই শর্টফিল্মে জনপ্রিয় শিল্পী ইমরানের গাওয়া ‘স্বর্গ’ গানটির ভিডিও আলাদা করে ইউটিউবে প্রকাশ হয়েছে। শর্টফিল্ম ও এর গানটি ইউটিউবে প্রায় ৭ লাখ করে ভিউ পেয়েছে। ইমরান আর শুভমিতার গাওয়া ‘ক্ষয়’ গানটির মিউজিক ভিডিওর মডেল হয়েছেন টয়া। এতে টয়া আর ইমরানের রসায়নও প্রশংসিত। এছাড়া মাছরাঙা টিভির ঈদের নিয়মিত সেলিব্রেটি টক শো ‘কেমেস্ট্রি’ এবার উপস্থাপনা করেছেন টয়া। তার অতিথি ছিলেন এ সময়ে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবিন। তাদের এই শোটিও দর্শক পছন্দ করেছে।