শুধু মুখের কথায় বিবাহিত অভিযোগ পেয়ে ছাত্রদলের কাউন্সিলের জন্য গঠিত যাচাই-বাছাই কমিটি সভাপতি পদের দুজনের প্রার্থিতা বাতিল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সভাপতি প্রার্থী আল মেহেদী তালুকদার ও আসাদুল আলম টিটু গতকাল বুধবার দেশ রূপান্তরের কাছে এ অভিযোগ করেন। তারা আরও অভিযোগ করেন, শক্তিশালী প্রার্থীদের বাতিল করে দুর্বল প্রার্থীদের সংগঠনের নেতৃত্বে আনতেই এ কাজ করছেন কাউন্সিল পরিচালনা কমিটির নেতারা। আরেক সভাপতি প্রার্থী সরদার আমিরুল ইসলাম সাগর বলছেন, তিনি জানেনই না কেন তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে গতকাল ওই দুজনের সঙ্গে তিনিও প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিলের পর আপিল গ্রহণের দিন গতকাল এই তিন প্রার্থীসহ সভাপতি পদের আরও তিনজন এবং সাধারণ সম্পাদক পদেও নয় প্রার্থী আপিল করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আপিল কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দেশ রূপান্তরকে বলেন, বিবাহিত অভিযোগে যাচাই-বাছাই কমিটি যাদের প্রার্থিতা বাতিল করেছে তারা আপিল করেছেন। গতকাল তাদের আপিল গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার অভিযোগের বিষয়ে প্রার্থীদের বক্তব্য শোনা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাদের বিষয়ে। তিনি বলেন, যাচাই-বাছাই কমিটির পৃথক কোনো এজেন্ডা নেই। তারা ইচ্ছাকৃতভাবে কারও প্রার্থিতা বাতিল করেনি। বিয়ে না করলে বিবাহিত অভিযোগে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা প্রার্থিতা ফিরে পাবেন।
এ বিষয়ে ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটির সদস্য বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দেশ রূপান্তরকে বলেন, যাচাই-বাছাইয়ে কেউ বাদ পড়লে আপিল করতে পারবেন। আপিল করে প্রার্থীরা তাদের অভিযোগের বিষয়ে সঠিক তথ্য দিলে প্রার্থিতা ফিরে পাবেন। তিনি বলেন, প্রার্থীদের কেউ আমাদের প্রতিদ্বন্দ্বী নন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা কেবল কাউন্সিল পরিচালনা করছি। মিথ্যা অভিযোগে কারও প্রার্থিতা বাতিল করলে আজ হোক কাল হোক সত্য বেরিয়ে আসবে।
দীর্ঘ ২৭ বছর পর আগামী ১৪ সেপ্টেম্বর হতে যাচ্ছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের কাউন্সিল। ষষ্ঠ এই কাউন্সিলে সারা দেশের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন সংগঠনের শীর্ষ দুই নেতা। ৬ আগস্ট কাউন্সিলের তফসিল ঘোষণার আগে থেকেই তৃণমূলের নেতাদের দ্বারে দ্বারে ঘোরা শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যে তাদের মধ্যে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন। তাদের একজন সভাপতি প্রার্থী আল মেহেদী তালুকদার এখন ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। দেশ রূপান্তরকে তিনি বলেন, শক্তিশালী প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দুর্বল প্রার্থীদের সংগঠনের নেতৃত্বে আনতে চান কাউন্সিল পরিচালনা কমিটির নেতারা। কী কারণে মেহেদীর প্রার্থিতা বাতিল হয়েছে জানতে চাইলে যাচাই-বাছাই কমিটির প্রধান বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, বিবাহিত বলে অভিযোগ পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার কাবিননামাও পাওয়া গেছে। তবে মেহেদী বলেন, যাচাই-বাছাই কমিটি যে কাবিননামা পেয়েছে তা ভুয়া।
বিবাহিত অভিযোগ পাওয়ায় সভাপতি প্রার্থী আসাদুল আলম টিটুর প্রার্থিতা বাতিল করেছে যাচাই-বাছাই কমিটি। তবে টিটু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘জেলা থেকে আমার বিষয়ে মিথ্যা অভিযোগ দেওয়ায় প্রার্থিতা বাতিল করেছে কমিটি। তাই আমি আপিল করেছি।’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটির সদস্য বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জেলা থেকে অভিযোগ পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখন প্রার্থী যেহেতু আপিল করেছেন, সেহেতু অধিকতর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরদার আমিরুল ইসলাম সাগরের প্রার্থিতা বাতিলের বিষয়ে যাচাই-বাছাই কমিটির প্রধান বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন দেশ রূপান্তরকে বলেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকা-সহ একাধিক অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। সাগরের কোনো বক্তব্য থাকলে আপিল কমিটির কাছে আপিল করে ব্যাখ্যা দিয়ে প্রার্থিতা ফিরে পেতে পারেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ ও ১৮ আগস্ট ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়। দুদিনে ১০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্ধারিত সময়ে দুই পদে জমা দেন ৭৫ জন। এর মধ্যে সভাপতি পদে ২৭ আর সাধারণ সম্পাদক পদে ৪৮ জন। যাচাই-বাছাই শেষে সভাপতি পদে ১৫ ও সাধারণ সম্পাদক পদে ৩০ জন বৈধ রয়েছেন। তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আর বিবাহিত, সার্টিফিকেট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে সভাপতি পদে ১৩ ও সাধারণ সম্পাদক পদে ১৪ জনের প্রার্থিতা বাতিল করেছে যাচাই-বাছাই কমিটি।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের খসড়া তালিকা গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।