পুলিশ বাহিনী ও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা ও গাজীপুরে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনাগুলো ঘটে।
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন একজন।
কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল আহমেদ নামে ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন।
এদিকে গাজীপুরের সালনায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুজন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
বিস্তারিত জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে-
চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদার পাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
পরে ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি একে-২২ রাইফেল এবং ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ব্যাপারে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদার পাড়া এলাকায় র্যাবের একটি টহল দলের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।
র্যাব পাল্টা গুলি করলে দু'পক্ষের বন্দুকযুদ্ধে এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। র্যাব স্থানীয় পুলিশের সহযোগিতায় লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তবে তার কোনো নামপরিচয় পাওয়া যায়নি।’
কুমিল্লা: ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল আহমেদ নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার গোমতী বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল (৩০) উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে। এ ঘটনায় ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে আদর্শ সদর উপজেলার গোমতী বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য একত্রিত হয়। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা ডিবির একটি টিম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।
এক পর্যায়ে মাদক ব্যবসায়ী রাসেল আহমেদ গুলিবিদ্ধ হয়। পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নে্ওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা ডিবির ওসি মাইনুদ্দি খান জানান, নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গাজীপুর: জেলার সালনায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুজন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক অস্ত্র ও মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র্যাব। তিনি সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুরের চাঁন মিয়ার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সিটি করপোরেশনের সালনা এলাকায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী জড়ো হয়ে অস্ত্র কেনাবেচা করছে- এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে সুজন মিয়া গুলিবিদ্ধ হন এবং অপর সহযোগীরা পালিয়ে যান।
গোলাগুলিতে র্যাবের সৈনিক কামরুল ইসলাম আহত হন। পরে গুলিবিদ্ধ সুজন মিয়াকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি শটগান, ২টি ওয়ান শুটার, ৯ রাউন্ড কার্তুজ ও ১২ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত সুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১১টি মাদক, একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা।