জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি জামালপুরে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।
তদন্তের শুরুতেই তারা জেলা প্রশাসকের বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন। এরপর সভাকক্ষে ঘটনার সঙ্গে জড়িত ওই নারী অফিস সহায়কের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটি।
দুপুর পৌনে ২টার দিকে অভিযুক্ত অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষ থেকে বের হয়ে আগামী রবিবার থেকে নতুন করে ৫ দিনের ছুটির আবেদন করেন।
এরপরই জেলা প্রশাসক কার্যলয় ত্যাগ করেন ওই নারী। তদন্ত কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলছেন।
গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের ওই নারী অফিস সহায়কের অপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট ওএসডি করা হয়। ঘটনার তদন্তে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়।