জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় তদন্ত শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটি।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যর তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন।
৫ সদস্যের তদন্ত দল সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের বিশ্রাম কক্ষসহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে ঘটনার সাথে জড়িত জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমীন সাধনাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত দলের সদস্যরা।
প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দুপুর পৌনে ২ টার দিকে অভিযুক্ত অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষ থেকে বের হয়ে আসেন। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে আগামী রবিবার থেকে নতুন করে ৫ দিনের ছুটির আবেদন করে জেলা প্রশাসক কার্যালয় ত্যাগ করেন ওই নারী।
এর কিছুক্ষণ পর দুপুর ৩ টার দিকে কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
তবে তদন্ত দলের সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে তদন্তের বিষয়ে কোন কথা বলতে রাজী হননি। ২৫ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত এ তদন্ত কমিটির ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
জামালপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ‘অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত দলের সদস্যরা তদন্তকালীন সময়ে গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছে না।’
উল্লেখ্য গত ২২ আগস্ট রাতে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সাথে তার অফিসের নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট ওএসডি করা হয়।