সীতাকুণ্ডে চালক খুনের ঘটনায় মামলা

সীতাকুন্ডে এমপির গাড়ির ডিপোতে খুন হওয়া গাড়ি চালকের স্ত্রী শাহিদা আক্তার বাদি হয়ে বুধবার রাতে একজনের নামে মামলা দায়ের করেছে।

এর আগে একই দিন বিকেল ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় চালক শাহজাহান সাজুকে (৪৮) সহকর্মীরা প্রথমে আল আমিন হাসপাতাল ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় চমেকে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

সাজু এমপি দিদারুল আলমের মালিকানাধীন মেসার্স দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের অধীনে প্রাইম মুভার গাড়ি চালাতেন। তিনি নোয়াখালীর সেনবাগ থানার বাতাবানি গ্রামের মৃত নুর মিয়ার পুত্র।

মামলার এজাহার থেকে জানা যায়, গাড়ি চালক সাজুর সাথে একই প্রতিষ্ঠানে চাকুরী করা ফোরম্যান মাসুমের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মাসুম কাছ থেকে চালক সাজুকে লক্ষ্য করে গুলি করে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে সাজু মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত অন্য সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে।

মৃত্যুর আগে নিহত সাজু মাসুমের নাম বলে যায় বলে উল্লেখ করেন তার স্ত্রী।

সীতাকুন্ড থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) সুমন বণিক বলেন, ‌‌‌‌‘‌‌‌আসামি ‌গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে’।

এদিকে সংসদ সদস্য দিদারুল আলম নিজ প্রতিষ্ঠানে খুনের বিষয় স্বীকার করেন। তবে ঘটনার সময় তিনি ঢাকা ছিলেন বলে জানান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।