রাজশাহীতে দায়িত্বপালনরত পুলিশের ওপর অস্ত্রসহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের সহকারি পরিদর্শক (এ.এস.আই) মাইনুল ইসলাম আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আটক তিনজনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
আটককৃতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম থানার অভিজিৎ হালদার রিংকু (২২), রাজশাহী নগরীর আমির হোসেন (১৬) এবং গোদাগাড়ী উপজেলার মোবারক হোসেন (১৭)। এদের মধ্যে রিংকু রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। মোবারক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের দশম শ্রেণির ছাত্র ও আমির নওহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, বেলা ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই মাইনুল ইসলাম ফোর্স নিয়ে কাদিরগঞ্জ চাউল পট্টি মোড়ে চেকপোস্ট করছিলেন। তাদের সামনে একটি রিক্সা ৩ জন আরোহীসহ আসলে তাদের সন্দেহ হয়।
প্রাথমিক সন্দেহে তাদের দাঁড় করিয়ে তল্লাশির সময় একজনের কোমরে গোঁজা অবস্থায় ১ টি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি পুলিশ হেফাজতে নিতেই অপর একজন এএসআই মাইনুলকে চাকু দিয়ে আঘাত করে। আঘাত বাম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল জখম হয়। পরে ওই যুবকেরা পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের জাপটে ধরে আটক করে।