বাকৃবি শিক্ষক সমিতি

ইউজিসির শিক্ষক নিয়োগ নীতিমালা অসংগতিপূর্ণ

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত নীতিমালা অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মো. আবু হাদী নূর আলী খান, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মনিরুজ্জামানসহ প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষক নেতারা বলেন, ইউজিসির প্রস্তাবিত নীতিমালায় পিএইচডি ইনক্রিমেন্ট, সেশন বেনিফিটসহ বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এতে কোনো অধ্যাপকের বেতন স্কেলের সর্বোচ্চ ধাপে যাওয়ার সুযোগ রাখা হয়নি। তারা বলেন, এমএস ও পিএইচডির জন্য শিক্ষাছুটি কমিয়ে ৫ বছর করা হয়েছে। অধ্যাপকদের গ্রেড-১-এ যাওয়ার হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।