ইঁদুরের মতো বিএনপি সরকারের উন্নয়নকে খেয়ে ফেলছে : ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি ইঁদুরের মতো সরকারের উন্নয়নকে খেয়ে ফেলছে। উন্নয়নের ফসল ঘরে তুলতে হলে সরকারকে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। গতকাল মানিকগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিফলক পাদদেশে জেলা জাসদের প্রয়াত কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এ তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি বিপজ্জনক চক্র। কারণ শোকের এই মাসে তারা জাতির জনককে স্মরণ করেনি। হত্যাকারীদের নিন্দাও জানায়নি।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার তোবারক হোসেন লুডু প্রমুখ।

এর আগে সকালে প্রয়াত ইকবাল হোসেন খানের নামে শহরের স্বর্ণকার পট্টির সড়কটির নামকরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন ও পৌর মেয়র।