যশোরে প্রতিবন্ধী ভিক্ষুক খুন, সৎবাবার বিরুদ্ধে অভিযোগ

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগরাইল গ্রামে সুমী (২৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী তরুণী খুন হয়েছেন। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সৎবাবা নাজমুল তাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকান্ডের পর থেকে নাজমুল পলাতক।

নিহতের মা রেশমা বেগম ও খালা শিল্পী বেগম জানান, সুমীকে নিয়ে তারা ঢাকায় থাকেন এবং ঠেলাগাড়িতে করে ভিক্ষা করেন। সুমীর সৎবাবা নাজমুল ঢাকায় রিকশা চালান। কোরবানির ঈদের আগে তারা যশোরে যান।

রেশমা বেগম জানান, সুমী তার প্রথম ঘরের সন্তান। সম্প্রতি নাজমুল তার আগের সংসারের বড় মেয়ে সাথীর বিয়ের জন্য সুমীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। সুমীর ওই টাকা ঈদের পরেই দেওয়ার কথা ছিল। কিন্তু নাজমুল টাকা দিতে গড়িমসি করেন। এ নিয়ে বুধবার রাতেও তাদের মধ্যে হইচই ও হাতাহাতি হয়। একপর্যায়ে নাজমুল একটি ছুরি দিয়ে সুমীর পেটে আঘাত করেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আবদুর রশিদ জানান, ছুরিকাঘাতের ফলে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়। রাতে তাকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়। ১০ মিনিট পর সেখানে সে মারা যায়। যশোর সদরের ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।