মরণব্যাধি ক্যানসারের কাছে অবশেষে হার মানল বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকের নয় বছর বয়সী শিশু কন্যা জানা। পাঁচ মাস যাবৎ হারের ক্যানসারে ভুগছিল সে।
বৃহস্পতিবার মেয়ের মৃত্যুর খবর জানিয়েছে টুইটারে এনরিকে লিখেছেন, “অস্টিওসার্কোমার (হার ক্যানসার) বিরুদ্ধে পাঁচ মাস কঠিন লড়াই শেষে আমাদের কন্যা আজ বিকেলে নয় বছর বয়সে মারা গেছে।”
“আমরা তোমাকে অনেক মিস করব। তবে আমরা প্রতিদিনই আমরা তোমাকে স্মরণ করব, এই আশায় যে, ভবিষ্যতে আমরা আবার মিলিত হবো।”
মেয়েকে সময় দিতে এক বছরের কম সময় দায়িত্ব পালনের পর গত জুনে স্পেন জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান এনরিকে। তার মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
জানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বার্সেলোনাও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে, লুইস এনরিকে ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি। সমবেদনা জানিয়েছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসিও।
এনরিকের মেয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব রোমা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, অনেক ফুটবলার, স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল প্রমুখ।