চট্টগ্রামের বাঁশখালীতে র্যাব-৭ এর সঙ্গে কথিত গুলিবিনিময়ের ঘটনায় মো. ইরান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ইরানকে কুখ্যাত ডাকাত বলে দাবি করেছে র্যাব।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় কথিত এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
গণমাধ্যমে পাঠানো এক এসএমএসে র্যাব জানায়, র্যাব-৭ এর টহল দল ও জলদস্যুদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় কুখ্যাত ডাকাত বাঁশখালীর আতঙ্ক ইরান (৩৫) নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও এতে দাবি করা হয়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইরানের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।