ইমার্জিং ক্রিকেট: ড্র বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ইমার্জিং দলকে ২৪৪ রানে অলআউট করে দিয়ে বড় লিড পেয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১০২ করতেই সিরিজের প্রথম আনঅফিশিয়াল টেস্টটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের চতুর্থ ও শেষ দিন ম্যাচের ফল সম্ভব নয় দেখে চা পানের বিরতির আগে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

৬ উইকেটে ১৯০ রান নিয়ে শুক্রবার ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দলীয় স্কোরে বাকি চার উইকেটে দলীয় স্কোরে যোগ করে আরও ৫৪ রান। আগের দিন ৫৭ রানে অপরাজিত থাকা আসেন বান্দারা শেষ পর্যন্ত আউট হন ৮৫ রান করে। ২৫৬ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে আটটি চারের মার।

চতুর্থ দিন আরও তিন উইকেট নিয়েছেন নাঈম হাসান। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের এই অফ স্পিনারের উইকেট ৭টি! বাকি তিন উইকেটের মধ্যে দুটি নিয়েছেন পেসার শফিকুল ইসলাম ও স্পিনার তানভির ইসলাম।

প্রথম ইনিংসে ১১৬ রানের লিড পাওয়া বাংলাদেশের তরুণদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। ৬৩ রানেই হারিয়ে ফেলে চার উইকেট। তবে ঠাঁই দাঁড়িয়েছিলেন ওপেনার সাইফ হাসান। ১১৩ বলে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। ২৫ রান করে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ রান নিয়ে ব্যাট অপরাজিত জাকির হাসান।

পরের টেস্ট শুরু হবে ৩ সেপ্টেম্বর, কক্স বাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে দল দুটির মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।