কাশ্মীরিদের ‘পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি এবং ভারতীয় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে’ সাভারে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে মুসল্লিরা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাভার ও আশুলিয়ার উলামা মাশায়েখদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অন্তত আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে সড়কটিতে।
সাভার যাদুরচর মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আকবরের সভাপতিত্বে সাভার সিটি সেন্টারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আবদুল মান্নান পাটোয়ারী, মাওলানা আযম, মাওলানা কাওসার হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলুম-নির্যাতন চালিয়ে কাশ্মীরের মুসলমানদের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। সাম্প্রদায়িক বিজেপি সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করে কাশ্মীরের বিশেষ স্বতন্ত্র ও মর্যাদা কেড়ে নিয়েছে। সেখানে হত্যা, ধর্ষণ ও লুটপাটসহ সব নেতাকে বন্দি করা হয়েছে।