এক ঝলকে

হাসপাতাল ছেড়ে বাসায়

 

গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাসায় ফিরেছেন এই অভিনেতা। দীর্ঘ চার মাস হাসপাতালে ছিলেন তিনি। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল দেশ রূপান্তরকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাবাকে বাসায় নিয়ে এসেছি। বাসায় ফিরলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে চলতে হবে। চিকিৎসকরা ১৫ দিন পর আবার হাসপাতালে নিয়ে যেতে বলেছেন ফলো আপের জন্য। সবাই বাবার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরে সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়। সেখানে ডা. আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা চলে তার। গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়। নিয়মিত খোঁজখবরও রাখেন প্রধানমন্ত্রী।

ঈদ ছাড়ছেন না সালমান

সর্বশেষ ‘ভারত’সহ বিগত কয়েক বছরে সালমান খানের আলোচিত সিনেমাগুলো মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে। সামনের বছর সঞ্জয়লীলা বানশালির পরিচালনায় মুক্তির কথা ছিল ‘ইনশাল্লাহ’। নায়িকা ছিলেন আলিয়া ভাট। কিন্তু শ্যুটিং প্রস্তুতির শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন এই বলিউড সুপারস্টার। তবে ভক্তদের কথা দিয়েছেন, ‘ইনশাল্লাহ’ ছাড়লেও ঈদ ছাড়ছেন না। অন্য কোনো সিনেমা নিয়ে হাজির হবেন এই উৎসবে। প্রশ্ন হলোÑ কোন ছবি নিয়ে আসছেন সালমান?

বলিউড সূত্রগুলো জানাচ্ছে, বর্তমানে এই নায়কের হাতে নতুন দুটি প্রস্তাব রয়েছে। তাকে চাইছেন সাজিদ নাদিয়াওয়ালা ও সুভাষ ঘাঁই। যাদের সঙ্গে আগেও হিট সিনেমা উপহার দিয়েছেন সালমান।

এর মধ্যে সাজিদ কখনো সালমানের কোনো দাবির বিপরীতে না বলেননি। তিনি প্রস্তাব দিয়েছেন ‘কিক’ সিক্যুয়ালের। এর আগে জানিয়েছিলেন সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের শেষ দিকে। এখন ঈদুল ফিতর মাথায় রাখলেও চিত্রনাট্য গুছিয়ে আনতে পারেননি বলে একাধিক সূত্র জানাচ্ছে। এদিকে সঞ্জয় দত্তকে নিয়ে করা হিট সিনেমা ‘খলনায়ক’ নতুন করে পর্দায় ফেরাতে চাচ্ছেন সুভাষ। সেই চরিত্রেই চাইছেন সালমানকে। তবে এবার সুভাষ থাকবেন প্রযোজকের চেয়ারে। এখানেও সংশয় প্রকাশ করেছেন অনেকে। কারণ, প্রকাশ্যে এই পরিচালক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন সালমান। বর্তমানে সালমানের হাতে রয়েছে ‘দাবাং থ্রি’ ছবির শেষ মুহূর্তের কাজ। বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি পরিচালনা করছেন প্রভু দেবা। প্রযোজনায় আছেন আরবাজ খান। সালমানের বিপরীতে আগের দুই কিস্তির মতোই থাকছেন সোনাক্ষী সিনহা।

জাফনা’য় ‘নায়িকার একরাত’

তাসমিয়াহ্ আফরিন মৌ পরিচালিত ‘নায়িকার একরাত’ যাচ্ছে শ্রীলঙ্কার জাফনা ইন্টারন্যাশনাল সিনেমা ফেস্টিভ্যালে। মেরিল প্রথম আলো ফেইম ফ্যাক্টরি প্রযোজিত ছবিটি শর্ট ফিকশন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এ বিভাগে ২৪টি ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে অর্ধেকই শ্রীলঙ্কার। উৎসবের ফেইসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।

এবার হতে যাচ্ছে উৎসবের পঞ্চম আসর। ৩ সেপ্টেম্বর শুরু হয়ে পর্দা নামবে ৯ সেপ্টেম্বর। ‘নায়িকার একরাত’ একটি মাত্র চরিত্র নিয়ে নির্মিত। এই ভূমিকায় অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌটুসী বিশ্বাস। জাফনার উৎসবে ছবিটি ‘হিরোইনস ওয়ান নাইট’ শিরোনামে প্রদর্শিত হবে।

ছবিতে জনপ্রিয় এক চলচ্চিত্র নায়িকার একটি রাতের গল্প তোলা হয়েছে। যেখানে প্রচলিত বাজার ব্যবস্থায় নারী পণ্য হয়ে ওঠা এবং কল্পিত জনরুচির সঙ্গে নিজেকে সমর্পণের টানাপড়েন দেখা যায়।

এ প্রসঙ্গে মৌটুসী কিছুদিন আগে বলেছিলেন, ‘সারা বিশ্বেই এখন একজন নায়িকাকে বারবি ডলের মতো বিবেচনা করা হয়। সে দেখতে সব সময় ফিট অ্যান্ড গ্ল্যামারাস থাকবে, এটাই প্রত্যাশা করে সবাই। এই চাহিদা মেটাতে গিয়ে নায়িকার কী ধরনের চাপ নিতে হয়, তা নিয়ে এর গল্প। মাত্র ১০ মিনিটের মধ্যে নির্মাতা দারুণভাবে সমসাময়িক একটি গল্প তুলে ধরেছেন।’

‘নায়িকার একরাত’ মেরিল প্রথম আলো ফেইম ফ্যাক্টরির প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। পুরস্কার হিসেবে নির্মাতা মৌ ঘুরে এসেছে কান চলচ্চিত্র উৎসবে। এর আগে মৌ নির্মাণ করেছিলেন ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। খনা টকিজ প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেশ-বিদেশের একাধিক উৎসবে পুরস্কৃত হয়েছে।

রানুর জীবনী নিয়ে সিনেমা হচ্ছে

পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে সিনেমার গান রেকর্ডিংয়ের সৌজন্যে এরই মধ্যে বিখ্যাত হয়ে গেছেন। এখন মনে হচ্ছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেই ফেলবেন!

দাবি উঠেছে এই ভাইরাল গায়িকার জীবন সেলুলয়েডে তুলে ধরার। প্রস্তাবটি পছন্দ হয়েছে নবাগত পরিচালক হৃষিকেশ মণ্ডলের। তিনি জানান, ‘এই নিয়ে গল্প বুনছেন আপাতত।’

তবে এ আইডিয়া প্রথম আসে ক্যাকটাস ব্যান্ডের সিধুর মাথায়। রানুর গান শোনার পরই তাকে নিয়ে ছবি করার ভাবনাচিন্তা করেন তিনি। ছবিতে যে কয়টি গান থাকবে, সেগুলো রানু নিজেই গাইবেন। তবে এই গায়িকার চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো স্থির হয়নি। ছবির নাম হতে পারে ‘প্ল্যাটফরম সিঙ্গার রানু মণ্ডল’।

গত ২০ জুলাই লতা মঙ্গেশকরের ‘পেয়ার কা নাগমা’ গানটি গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার ‘সুরসম্রাজ্ঞী’ হয়ে উঠেছিলেন রানাঘাটের স্টেশন চত্বরের বাসিন্দা রানু মারিয়া মণ্ডল। সেই গান ভাইরাল হতেই ভারতজুড়ে তার কণ্ঠের প্রশংসার বন্যা বয়ে গিয়েছিল। দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা ও মুম্বাইয়ের টেলিভিশন প্রোডাকশন হাউস থেকেও কাজের জন্য ডাক পান রানু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

তবে বলা হচ্ছে, রানুর মুম্বাই যাত্রা এবারই প্রথম নয়। অনেক বছর আগে মুম্বাইয়ে থাকতেন তিনি। কাজ করতেন অভিনেতা ফিরোজ খানের বাড়িতে।

একটি সংবাদমাধ্যম জানায়, বছর কয়েক আগে অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক ফিরোজ খানের বাড়িতে রান্নার কাজ করতেন রানু মণ্ডল। রান্নার পাশাপাশি ঘর ঝাড়পোছ করার কাজও করতেন তিনি। কিন্তু যেহেতু বাঙালি ছিলেন, তাই একটু অসুবিধা হতো। ঝরঝর করে হিন্দি বলতে পারতেন না।

ছেলে ফারদিন খানকে (পরে নায়ক) দেখভাল করার জন্য রানুকেই বেছে নিয়েছিলেন ফিরোজ। এ ছাড়া ফিরোজের ভাই সঞ্জয় খানকেও (হৃতিক রোশনের সাবেক শ্বশুর) কাজকর্মে সাহায্য করতেন রানু।

তিনি জানিয়েছেন, কৃষ্ণনগরে থাকতেন একসময়। রানাঘাটে ছিল তার মাসির বাড়ি। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি মুম্বাই যান। তখনই ফিরোজ খানের বাড়িতে কাজ শুরু করেন। পরে মানসিক অবসাদ থেকে বাঁচতে ফিরে যান রানাঘাটে। তারপরের গল্প তো সবার জানা।

শোনা যাচ্ছে, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এও দেখা যাবে রানুকে। অনুষ্ঠানটির সঞ্চালক খোদ সালমান খান নাকি রানুকে নিয়ে এই ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও খবরটির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। সালমান এরই মধ্যে রানুকে একটি বাড়ি দিয়েছেন, ‘দাবাং থ্রি’ সিনেমার গানের জন্য তাকে নির্বাচনও করেছেন।