চট্টগ্রামে নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর ওহিদুল ইসলাম বাবুল (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে গলায় রশি বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় কুলিংকর্নারের মাধ্যমে ব্যবসা করতেন। এর আগে শুক্রবার  সকাল থেকে তিনি নিখোঁজ হন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা দেশ রূপান্তরকে বলেন, স্থানীয়দের খবরে পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে বাবুল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যে ভবনের নিচতলায় বাবুলের কুলিং কর্ণার ছিল, সেই ভবনের দোতলার একটি কক্ষকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতেন তিনি। দোতলা থেকে ছাদে যাবার সিঁড়িতে গলায় রশি বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।  তার বাম হাতে জখমের চিহ্নও পাওয়া গেছে।

প্রাথমিকভাবে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হলেও মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাইনি উল্লেখ করে তিনি আরও বলেন,  কেউ গলায় রশি পেঁচিয়ে খুন করে তাকে ফেলে যেতে পারে নয়তো আত্মহত্যা করেছে।

ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান তিনি।