নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।
রোববার সিদ্ধিরগঞ্জ পুলস্থ ছয় তলা বিশিষ্ট মুজিব ভবনের দ্বিতীয় তলায় একে ফ্যাশন পোশাক কারখানার গোডাউনে ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর রাতে আগুন দেখতে পেয়ে নৈশপ্রহরীরা মালিকপক্ষকে জানায়। মালিকপক্ষ দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আদমজী, হাজীগঞ্জ, ডেমরা ও মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে এসে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনের সূত্রপাত জানাতে পারেনি মালিকপক্ষ ও ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট পেলে আগুনের সূত্রপাত জানা যাবে।
কারখানা পরিচালক ইসফাত আহসান জানান, শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত কারখানা চালু ছিল। ছুটি শেষে নিচ তলায় বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ ছিল। তাই শর্টসার্কিট মাধ্যমে দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হওয়া অসম্ভব।
ঘটনাটি রহস্যজনক দাবি করে তিনি আরও জানান, সাত লাখ পিস প্রস্তুত করা পলো টি শার্ট পুড়ে গেছে। যা রোববার ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করার কথা ছিল। এ ছাড়া দশ টন কাপড় ও ডিজিটাল কাটার মেশিনসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।