আবির চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্তর পর এবার ব্যোমকেশের ভূমিকায় নাম লেখালেন পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে অজিত চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে।
ছবিটির নাম ‘সত্যান্বেষী ব্যোমকেশ’। শনিবার মুক্তি পেল টিজার। নতুন কাস্ট দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। কেউ কেউ পরম-রুদ্রনীলকে নিয়ে আশাবাদী। আবার কেউ বলছেন, আগে ছবিটি মুক্তি পাক!
গত কয়েক বছর ধরে প্রতি দুর্গাপূজায় নতুন নতুন রহস্যের জট কাটাতে হাজির হন ব্যোমকেশ। পাশে থাকেন বরাবরের সঙ্গী অজিত।
ছবিটিতে আরও অভিনয় করেছেন সুপ্রভাত দাস, গার্গী রায় চৌধুরী, আয়োশি তালুকদার, মধুরিমা বসাক, অঞ্জন দত্ত, সোমেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।
জানা গেছে, এই ছবিটিতে কাস্টিং, প্রযোজনা সংস্থা, পরিচালক সবকিছুতে থাকছে নতুন মুখ। পুরোনো মুখ বলতে রয়েছেন অঞ্জন দত্ত। টিজারেও তাকে দেখা গেছে এক ঝলক।
‘মগ্ন মৈনাক’ গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন কয়েকটি ব্যোমকেশ ছবির পরিচালক অঞ্জন দত্ত। সংলাপও তার। পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।
এর আগে সায়ন্তনের পরিচালনায় ওয়েব সিরিজে ‘ব্যোমকেশ’-এর ভূমিকায় দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যকে।
অঞ্জনের ব্যোমকেশ বরাবর মূল লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অনুসারী। সায়ন্তনও চেয়েছেন গল্পের বিশুদ্ধতা বজায় রাখতে।