এলাকাবাসী ও পুলিশের তৎপরতায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল এক বিক্রয় কর্মী। অপহরণের কাজে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার বিকেল সোয়া তিনটার দিকে ডোমার উপজেলার বসুনিয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার শাহদাত মোহাম্মদ লোহানী পঞ্চগড়ের দেবীগঞ্জের ভিআইপি বিজনেস সেন্টারের বিক্রয় কর্মী।
লোহানীকে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহরণের চেষ্টাকালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এ সময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহদাতকে আঘাত করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। অপহরণকারীরা পলায়নের সময় একটি দেশে তৈরি ওয়ান শুটার পিস্তল ফেলে রেখে যায়।
নীলফামারীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল জানান, ‘এলাকাবাসীর সহযোগিতায় অপহরণকারীদের হাত থেকে বিক্রয় কর্মী শাহদাতকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের আঘাতে শাহদাত সামান্য আহত হয়েছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপহরণ কাজে ব্যবহৃত একটি দেশে তৈরি ওয়ান শুটার পিস্তল ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে এবং অপহরণের অভিযোগে পৃথক দু’টি মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি ওই অপহরণকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।