ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রেতাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গত শনিবার মধ্যরাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মুতালেব ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাওয়ার হাউজ রোডে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে সেটি উল্টো দিকে ঘুরিয়ে চলে যায়। পুলিশ মোটরসাইকেলটিকে ধাওয়া করলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় গিয়ে মাদক ব্যবসায়ীরা চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে। এতে এসআই আব্দুল মুতালেব ও এএসআই শিমুল পারভেজ গুলিবিদ্ধ হন। আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন জানান, মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান চালানো হচ্ছে।