টেলর-গ্র্যান্ডহোমে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দারুণ এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। রবিবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ উইকেটের জয় তুলে নেয় সফরকারী কিউইরা।

টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রানের পুঁজি গড়েছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে লঙ্কান বোলিং তোপে নড়বড়ে শুরু ছিল ব্ল্যাক ক্যাপসদের। তবে সেই চাপ কাটিয়ে শেষ পর্যন্ত পেয়েছে দুর্দান্ত জয়।

যে জয়ে বড় অবদান রস টেলর ও কলিন ডি গ্র্যান্ডহোমের। ৩৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ৭৯ রান যোগ করেন এই দুজন। দলীয় ১১৮ রানে মালিঙ্গার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন গ্র্যান্ডহোম। ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন তিনি।

এরপর টেলর ৪৮ রান করে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হয়ে। ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন টেলর।

এরপর নিউজিল্যান্ডকে জয়ের পথে নিয়ে গেছেন ডেরিল মিচেল ও মিচেল সান্টনার। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ৩১ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন দুজন। মিচেল ২৫ ও সান্টনার ১৪ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন মালিঙ্গা ও হাসারাঙ্গা। এদিন টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মালিঙ্গা। শহীদ আফ্রিদিকে (৯৮) ছাড়িয়ে গেছেন তিনি। মালিঙ্কার উইকেট সংখ্যা এখন ৯৯।

এর আগে ওপেনার কুশল মেন্ডিসের ৭৯ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে শ্রীলঙ্কা। মেন্ডিসের ৫৩ বলের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে নিরোশান ডিকভেলার ব্যাট থেকে। কিউইদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন টিম সাউথি। ম্যাচসেরা হয়েছেন টেলর।