টেক্সাসে এলোপাতাড়ি গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড হাইওয়ে এলাকায় এক বন্দুকধারীর ছোড়া গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গত এক মাসের মধ্যে টেক্সাসে এ নিয়ে দ্বিতীয়বার গুলিবর্ষণের ঘটনা ঘটল।

গত শনিবার স্থানীয় সময় ৩টার পর মিডল্যান্ড হাইওয়ের এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাদের সবাই গুলিতে জখম হয়েছেন এমন নয়, তাদের অনেকে গুলির আঘাতে ভেঙে যাওয়া গাড়ির গ্লাসের আঘাতেও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ওডেসা মেডিকেল সেন্টার হাসপাতাল জানিয়েছে, সেখানে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে দুই বছরের কম বয়সী একটি শিশুও ছিল। এখানে ভর্তি হওয়া সাত আহতের অবস্থা সংকটজনক ও আরও দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তারা। হাইওয়েতে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেইফটির দুই পুলিশ কর্মকর্তা বন্দুকধারীর গাড়িটি থামালে তাদেরই প্রথম গুলি করে বন্দুকধারী। এরপর সে গাড়ি চালিয়ে এগিয়ে গিয়ে বিভিন্ন স্থানে গাড়িতে থাকা লোকজন ও পথচারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। একপর্যায়ে গাড়ি ফেলে একটি পোস্টাল ট্রাক চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে।

পরে একটি সিনেমা কমপ্লেক্সে পুলিশের গুলিতে নিহত হয় সে। মধ্য ত্রিশের শ্বেতাঙ্গ এই বন্দুকধারীর হামলার উদ্দেশ্য জানা যায়নি।

উল্লেখ্য, চার সপ্তাহ আগে টেক্সাসের এল পাসোতে আরেক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ২২ জন নিহত হয়েছিল।

এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল বার তাকে টেক্সাসের ঘটনার বিষয়টি জানিয়েছেন এবং এফবিআই ও আইন প্রয়োগকারীরা ঘটনা তদন্ত করে দেখছে।