বাঁশ কাটাকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হরিয়ারঘাট গ্রামে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনার পর থেকে চাচাতো ভাই হাবিবুল ইসলাম পলাতক রয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার হরিয়ারঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম হরিয়ারঘাট গ্রামের জামির উদ্দিনের ছেলে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে তরিকুল ইসলামের সাথে চাচতো ভাই হাবিবুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবুল ইসলাম লাঠি দিয়ে তরিকুল ইসলামের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় হরিনাকুন্ডু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।