প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আসরে খেলতে যাওয়ার আগে বড় কোনো লক্ষ্যের কথা বলছেন না বাংলাদেশ মহিলা দলের কোচ-কর্মকর্তারা। সিঙ্গাপুরে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। এই আসরের মধ্য দিয়ে আন্তর্জাতিক হকিতে পা রাখতে চলা বাংলাদেশ দল দেশ ছাড়বে বুধবার। এই সফরে একাধিক ম্যাচে জিততে চায় বাংলাদেশের মেয়েরা।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর, হংকং, চায়না, শ্রীলঙ্কা, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। টুর্নামেন্টের শুরুর দিনেই মাঠে নামবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর।
বুধবার সিঙ্গাপুর গিয়ে আসর শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এই আসরকে সামনে রেখে গতকাল ১৮ সদস্যের দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিতু খানম। সহ-অধিনায়ক করা হয়েছে রিয়া আক্তার স্বর্ণাকে। ক্যাম্পে থাকা ২৬ জনের মধ্য থেকেই ১৮ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করেন ভারতীয় উপদেষ্টা কোচ অজয় কুমার বানসাল।
সিঙ্গাপুরের টুর্নামেন্ট নিয়ে বানসাল বলেন, ‘আমার ধারণা ভুল প্রমাণ করেছে দলটি। দিল্লি থেকে সাই অ্যাকাডেমির দলটি আনার পেছনে অনেক কারণ ছিল। তাদের সঙ্গে ৬টি ম্যাচ খেলার পর অনেক কিছু পরখ করতে পেরেছি। আমি কোনো গোলের হিসাব করছি না। সাই অ্যাকাডেমির বিপক্ষে বাংলাদেশ দলের ব্যক্তিগত পারফরমেন্স বিচার করে এবং অনুশীলনে তাদের কলাকৌশল বিবেচনায় নিয়ে চূড়ান্ত বাছাই করেছি। আমার বিশ্বাস সিঙ্গাপুরে ভালো করবে মেয়েরা।’