সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কেভিন হার্ট

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মার্কিন অভিনেতা কেভিন হার্ট। রবিবার মধ্যরাতে লস অ্যাঞ্জেলসে গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, মুলহোল্যান্ড হাইওয়েতে নিজের গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়েন কেভিন।

সড়কে নিয়ন্ত্রণে হারিয়ে ফেলেন হলিউড কমেডিয়ানের গাড়িচালক। একপর্যায়ে সড়কের নিরাপত্তা দেয়ালে আঘাত হানেন তিনি।

মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন কেভিন। তার গাড়িচালকও গুরুতর আহত। তবে নিরাপদে আছেন গাড়িতে থাকা কেভিনের ব্যক্তিগত ট্রেইনার রেবেকা ব্রক্সটারম্যান।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেভিনকে নর্থরিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার গাড়িচালককে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে বেশ সুনাম আছে কেভিনের। রাইড এলং, দ্য সিক্রেট লাইফ অব পেটস সহ অনেক ছবিতে দর্শকদের হাসিয়েছেন তিনি।