কয়েক দিন আগেই উয়েফার বর্ষসেরা ফুটবলারের মঞ্চে দেখা হয়েছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইকের। মেসি-রোনালদোকে পেছনে ফেলে সেই পুরস্কার জিতেছিলেন ডাইক। রবিবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের জন্য তিনজনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায়ও আছেন মেসি, রোনালদো ও ডাইক।
গত মৌসুমে সেরা ফর্মে ছিলেন বার্সেলোনায় খেলা মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫০ গোল করেন, দলকে লা লিগার শিরোপা জিতিয়েছেন। গোলে মেসির চেয়ে পিছিয়ে থাকলেও ইতালিয়ান লিগে জুভেন্তাসের হয়ে শিরোপা জয় এবং দেশের হয়ে নেশন্স কাপ জিতেছেন রোনালদো। আর লিভারপুলকে এক যুগেরও বেশি পর চ্যাম্পিয়ন্স লিগ জেতানোয় ও লিগে দ্বিতীয় করায় বড় অবদান ছিল ডাইকের। তাই দশজনের তালিকা থেকে চূড়ান্ত তিনে এলেন তারাই।
একই দিন ফিফা বর্ষসেরা কোচ (পুরুষ) এবং বর্ষসেরা নারী ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে। বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জেতানো মেগান রাপিনো ও অ্যালেক্স মরগান। তৃতীয়জন কিছুদিন আগে উয়েফার বর্ষসেরা জয়ী ইংল্যান্ডের লেসি ব্রনজ।
সেরা কোচের তালিকায় আছেন ম্যানচেস্টার সিটিকে লিগসহ ঘরোয়া ট্রেবল জেতানো পেপ গার্দিওলা। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ইয়ুর্গেন ক্লপ। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা টটেনহ্যামের কোচ মরিসিও পচেত্তিনো।
সেরা গোলরক্ষকের তালিকায়ও আছে লিভারপুল ও টটেনহ্যাম। লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন আর টটেনহ্যামের এদারসন আছেন তালিকায়। অন্যজন বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। এছাড়া ফিফার বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডেও আছে মেসির নাম।