আর্জেন্টিনা দলে বিভক্তির চেষ্টা নিয়ে বিস্ফোরক মন্তব্য ডি পলের

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

লা বোমবোনেরায় জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ের পর আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল জাতীয় দলকে ঘিরে ঐক্যের ডাক দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের আগে দলকে 'বিভক্ত' করার চেষ্টার বিরুদ্ধে সরব হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের কাজ মাঠে পারফর্ম করা, রাজনীতিতে জড়ানো নয়।

বিশ্বকাপের আগে দেশের মাটিতে এটিই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ। লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির ঘরের মাঠে শেষ বিদায়ী ম্যাচে জয় শেষে 'এল মটরসিটো' খ্যাত এই মিডফিল্ডার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফুটবলকে জড়িয়ে তৈরি হওয়া বিতর্কের কড়া সমালোচনা করেন।

সাক্ষাৎকারে ডি পল বলেন, "আমরা ফুটবলার, এখানে শুধু ফুটবল খেলতেই আসি। আমরা রাজনীতি করি না এবং এসব বিষয় বুঝিও না। যারা রাজনীতির সাথে যুক্ত, দেশ পরিচালনা করা তাদের কাজ। আমরা চাই মানুষ আমাদের মাঠের পারফরম্যান্স দিয়ে বিচার করুক।"তিনি আরও যোগ করেন, "আমরা সব সময় আর্জেন্টিনার জার্সি রক্ষা করতে চাই। আমাদের অধিনায়ক ও সিনিয়ররা সেই বার্তাই দেন। আমরা চাই দেশ আমাদের পাশে থাকুক, কারণ কোনো কিছু গড়ার চেয়ে ধ্বংস করা সহজ।"

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। ঠিক এই সময়ে দেশের ভেতরে বিভিন্ন ইস্যুতে তৈরি হওয়া বিভাজন নিয়ে ডি পল কিছুটা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "আমি নির্দিষ্ট কোনো ঘটনার কথা বলছি না, তবে বিশ্বকাপের আগে ভুল তথ্যের চেয়ে সঠিক তথ্য জানা জরুরি। যখন আমরা জিতি, তখন পুরো দেশ জেতে। কিন্তু হারলে দায়ভার শুধু খেলোয়াড়দের ওপরই বর্তায়।"

২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতি মনে করিয়ে দিয়ে ইন্টার মায়ামির এই তারকা বলেন, "আমরা বিশ্বকাপ জিততে পেরেছিলাম কারণ ভক্তরা আমাদের শক্তি জুগিয়েছিল। এখন যা কিছু অর্জন করা হয়েছে, তা ভেঙে ফেলার চেষ্টা করা মোটেও ঠিক নয়। জেতা কঠিন, আর টানা দ্বিতীয়বার জেতা আরও অনেক বেশি কঠিন। যদি আমরা আমাদের শিরোপা রক্ষা করতে চাই, তবে পুরো দেশকে একতাবদ্ধ হতে হবে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত