কিশোরগঞ্জে স্কুলছাত্রী স্মৃতি আক্তার রিমাকে (১৪) ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি মুরাদুজ্জামান জাহিদের (২২) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম আনিসুল ইসলাম শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এই রিমান্ড মঞ্জুর করে।
মামলার তদন্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম জানান, এ মামলার ২নং আসামি পিয়াস মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত রবিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার জেলা সরণি মোড় থেকে প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৭ জুলাই রাতে পাকুন্দিয়া উপজেলার গাংধোয়ারচর গ্রামে নানার বাড়ি থেকে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী রিমাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। ১৮ জুলাই বেলা ১১টার দিকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ১৯ জুলাই রাতে স্কুলছাত্রীর মা ধর্ষণের পর অভিযোগ এনে থানায় মামলা করেন।