পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

পুকুর ও নদীতে ডুবে কুমিল্লার চৌদ্দগ্রাম, তিতাস ও দিনাজপুরের খানসামায় মারা গেছে তিন শিশু।

চৌদ্দগ্রামের মুন্সীরহাটের বাসন্ডায় পুকুরে ডুবে মারা যাওয়া দুই বছর বয়সী শিশুর নাম মাহমুদা আক্তার মীম। মীম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা উত্তরপাড়া বিশ্ব বেপারিবাড়ির প্রবাসী মাঈন উদ্দীনের ছোট মেয়ে। গত রবিবার সন্ধ্যার আগে সে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তার দেহ ভেসে ওঠে।

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে গোসল করতে গিয়ে মারা যাওয়া শিশুর নাম অনিক (১২)। গত রবিবার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে অনিক উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর এলাকার গোমতী নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় ডুবে নিখোঁজ হয়। পরে গতকাল সোমবার সকালে লাশ ভেসে ওঠে। অনিক হরিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে, দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে রাফি ইসলাম নামে দুই বছর বয়সী শিশু। রাফি গোবিন্দপুর গ্রামের ছাইদুল ইসলামের ছেলে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে খেলার সময় পুকুরে পড়ে যায় রাফি। পরে তার মরদেহ পানিতে ভেসে ওঠে।