ছাত্রলীগের হামলার অভিযোগ

অনুমতির পরও সমাবেশ করতে পারেনি বিএনপি

এক ঘণ্টার অনুমতি পেয়েও প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করতে পারেনি গাংনী উপজেলা বিএনপি। নেতাকর্মীদের অভিযোগ, গতকাল সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে সমাবেশ শুরুর ১০ মিনিট পরই উপজেলা ছাত্রলীগের কর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়।

উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ।

মিল্টন বলেন, অনুমতি নেওয়ার পরও তারা ঘরোয়া সমাবেশ করতে দেয়নি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাছির জামান মৃদুল বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে সংবাদ ছিল বিএনপি অনুষ্ঠানকে কেন্দ্র করে নাশকতা করবে। বোমা ফাটাবে। এ কারণে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হয়নি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু বলেন, ‘আসলে তারা নাশকতার  অজুহাত তৈরি করে এবারও সমাবেশ করতে দিল না।’

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, এক ঘণ্টার অনুমতি দেওয়া হয়েছিল। পরে উত্তেজনা সৃষ্টি হয়।