মাধবপুরে আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ আহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আসামি ধরতে গিয়ে আসামি পক্ষের লোকজনের অতর্কিত হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গত রবিবার রাত ৯টার দিকে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর মন্দিরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

 স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, পৌর এলাকার মন্দিরহাটির একাধিক মামলার আসামি সাহাদ মিয়াকে (৪০) গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহাদের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। আসামি পক্ষের লোকদের অতর্কিত হামলায় এসআই মোসলেহ উদ্দিন, এএসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল সুহেল আহম্মেদ আহত হন। পরে তারা মাধবপুর হাসপাতালে চিকিৎসা নেন। মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক  করা হয়েছে। সাহাদ পলাতক। এ ঘটনায় মামলা হয়েছে।